বিএনপি দুর্নীতিবাজদের প্লাটফর্ম: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুর্নীতিবাজদের একটি প্ল্যাটফর্ম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়-আইনের শাসন ও ন্যায়বিচার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘তারেক রহমান দুর্নীতির দায়ে দণ্ডিত একজন ফেরারি আসামি। এতেই প্রমাণিত হয় বিএনপি দুর্নীতিবাজদের আশ্রয় ও প্রশ্রয় প্রদানকারী একটি দল। অন্য দুর্নীতিবাজদের দলে রাখার জন্য ৭ ধারা সংশোধনের মাধ্যমে প্রমাণ করেছে বিএনপি দুর্নীতিবাজদের একটি প্ল্যাটফর্ম।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ইতিহাসের মাইলফলক উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, এ রায় আদালতের বিষয়। রায় ভন্ডুল করার জন্য গতকাল বিএনপি সব চেষ্টা চালিয়েছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের কারণে তা হয়নি।

গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কান্নার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, দলের নেত্রীর জন্য তাঁরা আবেগ দেখাতে পারেন। নেত্রীর নির্দেশে পেট্রলবোমা হামলা চালিয়ে শত শত মানুষ আগুনে পুড়িয়ে হত্যা করা হলে তখন নিহত ব্যক্তিদের জন্য বিএনপির নেত্রী কাঁদেননি। কিন্তু পেট্রলবোমা নিক্ষেপের হুকুমদাতা, দুর্নীতিবাজ ও এতিমের অর্থ আত্মসাৎকারী নেত্রীর সাজা হওয়ায় নেতারা কেঁদেছেন। পেট্রলবোমা হামলার হুকুমদাতা হিসেবে মামলাগুলো সচল করে বিচার করার আহ্বান জানান হাছান মাহমুদ।।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন রুহুল প্রমুখ।