বিএনপি ধানখেতকে বিনোদনের জায়গা বানায়নি: রিজভী

বিএনপি ত্রাণের নামে ফটোসেশন করে—তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কৃষকের ধানখেতকে বিনোদনের জায়গা বানায়নি এবং আওয়ামী লীগই ফটোসেশন করছে।
আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে এক ভিডিও করনফারেন্সে রিজভী এসব কথা বলেন। ত্রাণের নামে ফটোসেশন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করাই বিএনপির কাজ—তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, 'উনি এই কথাগুলো সজ্ঞানে না অজ্ঞানে বলেছেন, তা ষ্পষ্ট নয়। ওনার নিশ্চয়ই জানার কথা, সরকারি দলের বাধা, প্রশাসনের বাধা ও মামলা-গ্রেপ্তারের মধ্যেও দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষকে সাহায্য সহায়তা করছে বিএনপি নেতা–কর্মীরা। কিন্তু বিএনপি কৃষকের ধানখেতকে বিনোদনের জায়গা বানায়নি। ফটোসেশন করতে গিয়ে আওয়ামী নেতারা পাকা ধানের বদলে কাঁচা ধান কেটে জাতির কাছে যে তামাশার পাত্র হয়েছে, সেটি বেমালুম ভুলে যান তথ্যমন্ত্রী। ধানখেতে যত না আওয়ামী নেতার উপস্থিতি, তার চেয়ে ক্যামেরার সংখ্যাই বেশি। বিএনপি তো আর সরকারি ত্রাণের লুটপাটের উৎসবের সঙ্গে জড়িত নয়, তাই তথ্যমন্ত্রীর বিএনপির ত্রাণ কার্যক্রম চোখে পড়ছে না।’
বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আজ্ঞাবহ গণমাধ্যমের ভিড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এই দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন। সাংবাদিকদের ওপর বিভিন্ন জায়গায় হামলা, মামলা হচ্ছে জানিয়ে তিনি এর নিন্দা জানান। এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা এবং নিয়মিত বেতন–ভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বানও জানান।
পোশাক কারখানাখুলে দেওয়া নিয়ে রিজভী বলেন, ‘করোনারসংকটে আমরা দেখেছি কীভাবে এক শ্রেণির মালিক নিজস্ব লাভের আশায়, সরকারের প্রণোদনা পেতে দর–কষাকষিতে লক্ষ লক্ষ শ্রমিককে গিনিপিগ হিসেবে ব্যবহার করেছে।’