বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে হবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি না এলেও যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে কে এল আর কে এল না, তা নিয়ে আওয়ামী লীগ চিন্তা করে না। সংবিধান অনুসারে শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। এ নিয়ে আপসের বিন্দুমাত্র সুযোগ নেই।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) আয়োজিত ‘জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ক্ষতিগ্রস্ত-উন্নয়ন সাফল্যকে ম্লানকারী দুর্নীতি-দলবাজি-দখলবাজি-অন্তঃকলহ ও অরাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করুন’ শীর্ষক সেমিনারে নাসিম এসব কথা বলেন।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি আসুক বা না আসুক, নির্বাচন হবেই। কোনো দল যদি আগামী নির্বাচনে না আসে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কেউ কারও পরামর্শে নির্বাচন ভণ্ডুল করতে চাইলে কোনো ছাড় পাবে না। আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে তিনি বলেন, আগামী নির্বাচনে জেতার কোনো বিকল্প নেই। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হয়। আগামী নির্বাচনে জয়ী না হতে পারলে কেবল বর্তমান সরকারের অর্জনগুলো ধ্বংস হবে না, তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু সুবিধাবাদী তৈরি হবেই, এদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ব্যক্তিগতভাবে জনপ্রিয়, এলাকাবাসী চায়, তাদের ভবিষ্যতে মনোনয়ন দেওয়া হবে।

সেমিনারে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এখন জঙ্গি দমন যুদ্ধ ও উন্নয়ন যুদ্ধ—একই সঙ্গে চলছে। আর এই দুই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জঙ্গিবাদ আমরা পুরোপুরি দমন করতে পারিনি। তারা কিছুটা পিছু হটে আবার নতুন করে যুদ্ধ করে। এটা এত সহজ যুদ্ধ নয়। জঙ্গিদের আমরা আরও আগে শেষ করে দিতে পারতাম, যদি জঙ্গি-সঙ্গী বেগম জিয়া তাদের আশ্রয়-প্রশ্রয় না দিতেন।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ২০১৯ সালের নির্বাচন ৫ জানুয়ারির নির্বাচনের মতো না-ও হতে পারে। আঁকাবাঁকা প্রবাহের জন্যও প্রস্তুতি রাখতে হবে।

সেমিনারে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ক্ষতিগ্রস্ত-উন্নয়ন সাফল্যকে ম্লানকারী দুর্নীতি-দলবাজি-দখলবাজি-অন্তঃকলহ ও অরাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করুন শীর্ষক ধারণাপত্র পড়েন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। তিনি বলেন, জঙ্গিবাদ দমন ও উন্নয়নের যে দুই যুদ্ধ চলছে, এখানে শত্রুর সঙ্গে আপস, সমঝোতা, মিটমাট, সন্ধিরও সুযোগ নেই।

সেমিনারে অন্যদের মধ্যে জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আকতার, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।