আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে বড় ভুল করবে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক দোল উৎসবে অংশ নিয়ে গতকাল শনিবার এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে না এলে বড় ভুল করবে। তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।’ নিয়মতান্ত্রিকভাবেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি।
বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের শ্রীশ্রী রাধানাথ অঙ্গনে পঞ্চম এ দোল উৎসব চলছে। ছয় দিনব্যাপী এই উৎসব গত বৃহস্পতিবার শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ জিল্লুল হাকিম ও পঙ্কজ দেবনাথ, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নিম চন্দ্র ভৌমিক, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেশ উকি, পূজা উদ্যাপন পরিষদের নেতা তাপস কুমার পাল প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা হানিফ আরও বলেন, জঙ্গিবাদ প্রশ্নে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও জঙ্গিবাদের কাছে ছেড়ে দেওয়া হবে না। সব যুদ্ধাপরাধীর বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু বিচারের জন্য সাড়ে ১১ হাজার রাজাকার, আলবদর, আলশামস সদস্যকে কারাগারে পাঠিয়েছিলেন। তাঁদের মুক্ত করে দেন জিয়াউর রহমান। কিন্তু রাজাকার নিজামী-মুজাহিদদের মতো অন্যদেরও বিচার করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংসদ জিল্লুল হাকিম বলেন, হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই প্রতিমা ভাঙচুর করা হয়। তিনি আরও বলেন, হিন্দুধর্মাবলম্বী অনেকে এ দেশে নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করেন। কিন্তু এ দেশ সবার জন্য সমান।