বিএনপি নীতিহীন দল: হানিফ

বিএনপিকে নীতিহীন ও নীতিবিবর্জিত দল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এই নির্বাচন থেকে আপনারাও শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। এটাই শিক্ষা নিন যে জনগণই সব ক্ষমতার মালিক। জনগণের বাইরে ষড়যন্ত্র করে কিছু হয় না।’
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিন—আওয়ামী লীগকে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন পরামর্শের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। কে নির্বাচিত হবেন, তা নির্ধারণ করবেন সেই দেশের ভোটাররা। বিএনপি কখনো জনগণের প্রতি আস্থাশীল নয়। তারা সব সময় ষড়যন্ত্রে বিশ্বাসী। যেসব দেশের আন্তর্জাতিকভাবে একটা প্রভাব আছে, তারা সব সময় সেসব দেশের নির্বাচনের দিকে চেয়ে থাকে। আগ বাড়িয়ে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এগুলো করে যে কোনো লাভ হয় না, তা সম্প্রতি আমাদের দেশের পার্শ্ববর্তী দেশের নির্বাচনের ফলাফলে তাঁরা বুঝতে পেরেছেন।’ তিনি বলেন, ‘বিএনপি একটা নীতিহীন দল, নীতিবিবর্জিত দল। তারা স্বার্থের জন্য যেকোনো মুহূর্তে নিজেদের পরিবর্তন করতে পারে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়ির ওপর হামলার ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে নাসিরনগরে যে হামলা হয়েছে, তা একটি ষড়যন্ত্রের অংশ। আমাদের কাছে দৃশ্যমান হয়েছে—নাসিরনগরে যে হামলা হয়েছে, সেটা সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিহত করতে পারতেন। কিন্তু সেই দায়িত্ব তাঁরা সঠিকভাবে পালনে ব্যর্থ হয়েছেন। সে কারণেই বলা হয়েছে, কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। কিন্তু এ ঘটনার সঙ্গে তারা যে সম্পৃক্ত, এ অভিযোগ সঠিক নয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন প্রমুখ।