বিএনপি নেতা আ.লীগে যোগ দিয়েই কমিউনিটি পুলিশিংয়ে!
সিরাজগঞ্জ শহরের লাইসেন্সধারী মদ ব্যবসায়ী মেসবাহুল ইসলাম ওরফে লিটন সরকার। গত ১৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন জেলা বিএনপির সহ-বনবিষয়ক সম্পাদক। ১৫ ডিসেম্বর তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর পরপরই তাঁকে কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ পৌর সমন্বয় কমিটির সদস্যসচিব করা হয়।
সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কমিউনিটি পুলিশিংয়ের এক সভা হয়। সেখানে তাঁকে কমিউনিটি পুলিশিংয়ের সিরাজগঞ্জ পৌর সমন্বয় কমিটির সদস্যসচিব পদ দেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, পৌর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন উপলক্ষে এ সভা হয়। সেখানে পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, দেশে আইনশৃঙ্খলা ও সামাজিক বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছে। মাদকমুক্ত সমাজ গড়তে এই কমিটির সদস্যদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। একই সঙ্গে তাঁরা মাদক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদেরও সহযোগিতা করবেন। অথচ মাদক ব্যবসায়ীকেই যখন এই কমিটির একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়, তখন কমিটির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এসব ব্যক্তি আরও বলেন, মেসবাহুল ইসলাম গত ১৫ ডিসেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদান করায় তাঁকে সম্মানিত করতে উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছিল। এ উদ্দেশ্যেই তাঁকে কমিউনিটি পুলিশিং কমিটির এই গুরুত্বপূর্ণ পদটি দেওয়া হলো।
এদিকে মেসবাহুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোডে মেসবাহুল ইসলামের মদের দোকান আছে। তিনি ওই এলাকার একমাত্র লাইসেন্সধারী মদ ব্যবসায়ী। তিনি আরও বলেন, সভায় তাঁর নাম প্রস্তাব করায় এবং উপস্থিত সদস্যরা সেই প্রস্তাব সমর্থন করায় তাঁকে কমিটির সদস্যসচিবের পদ দেওয়া হয়েছে।
তবে মদ ব্যবসায়ী হওয়ায় তাঁকে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসচিব করা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। পরবর্তী সভায় নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির অন্য সদস্যরা আলোচনা সাপেক্ষে যেকোনো সময় সদস্যদের কমিটিতে নিয়োগ এবং বাদ দিতে পারেন।