বিএনপি নেতা বুলুর মুক্তির দাবিতে মিছিল
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ও উপজেলা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটায় চৌমুহনী কাচারী বাড়ির মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিঙ্গার গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সামছু তীবব্রীজ। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল গণি চৌধুরী, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ দলীয় নেতা-কর্মীদের সরকার কারাগারে আটকে রেখে একদলীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারের সে ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।