বিএনপি নেতা মিজানুর রহমান দুই দিনের রিমান্ডে

ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
একই মামলায় গ্রেপ্তার অপর চারজনের মধ্যে তিনজনকে এক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। তাঁরা হলেন আসাদ আলী, শফিকুল ইসলাম ও জিন্নাত। অপরজন শিশু আসামি।
বিএনপি নেতা মিজানের আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার মিজানসহ অন্যদের আদালতে হাজির করে পুলিশ সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতের কাছে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মিজানকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।
সোমবার দিবাগত রাতে গুলশানে নিজের বাসা থেকে গোয়েন্দা পুলিশের হাতে (ডিবি) গ্রেপ্তার হন মিজানুর। ডিবির ভাষ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দলীয় নেতা-কর্মীদের আওয়ামী লীগের সমর্থক সাজিয়ে জালভোট দেওয়া এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছিলেন বিএনপির এই নেতা।
পুলিশের ভাষ্য, গাজীপুরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মিজানুর রাজধানীর কলাবাগানে ওই চার আসামির সঙ্গে বৈঠক করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি আসামিদের কাছে গোপন ক্যামেরা সরবরাহ করেন।