বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে কুমিল্লায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম মো. হেমায়েত হোসেনের আদালতে এ অভিযোগ গঠন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৫ সেপ্টেম্বর কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার জুরানপুরের গ্রামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০০৫ সালের ১ জানুয়ারি জুরানপুরের ইফতেখার হায়দার সায়মন নামের এক ব্যক্তি বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়। ওই মামলার বাদী একই ঘটনায় ২০০৭ সালের ১২ মার্চ কুমিল্লার আদালতে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে আগের মামলার ৩২ জনসহ ৩৩ জনের নামে পুনরায় একটি মামলা করেন। মামলায় জামিনে থাকা খন্দকার মোশাররফসহ অন্যরা আজ আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক আবেদন খারিজ করে মামলার অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

বিবাদী পক্ষের অন্যতম আইনজীবী কাইমুল হকের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।