বিএনপি নেতা সালাহ উদ্দিনের কিডনিতে অস্ত্রোপচার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের মামলায় আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের আগামীকাল শুক্রবার কিডনিতে অস্ত্রোপচার হচ্ছে। দিল্লির পাশের রাজ্য হরিয়ানার মেদান্তা হাসপাতালে এ অস্ত্রোপচারের কথা রয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহ উদ্দিন আহমদ মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।
তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের আদালত থেকে মেঘালয়ের বাইরে যাওয়ার অনুমতি পেয়ে ২৩ ফেব্রুয়ারি দিল্লি যান। এরপর চিকিৎসকের কাছে নিয়মিত গিয়ে শারীরিক পরীক্ষা করান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের জন্য তিনি বৃহস্পতিবার মেদান্তায় ভর্তি হয়েছেন।
অস্ত্রোপচারের পর সুস্থতার জন্য সালাহ উদ্দিন আহমদ দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

সালাহ উদ্দিন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিলংয়ের জেলা ও দায়রা জজ দাফিরা শতুন ১৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য মেঘালয় রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কয়েক মাস ধরে কিডনির জটিলতা বাড়ার কারণে তাঁকে তিনবার ​বিশেষায়িত ক্লিনিক শিলং সুপার কেয়ারে ভর্তি হতে হয়েছিল। এরপর তিনি আদালতের কাছে উন্নত চিকিৎসার জন্য মেঘালয়ের বাইরে যাওয়ার অনুমতি চান।
২০১৫ সালের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে বিএনপির তখনকার যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। ওই বছরের ১১ মে ভোরে শিলংয়ের গলফ-লিংক এলাকায় তাঁকে পাওয়া যায় । প্রাথমিকভাবে কয়েক দফা চিকিৎসা দেওয়ার পর ওই বছরের জুলাইতে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিলংয়ের পুলিশ সালাহ উদ্দিনের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬ ’-এ মামলা করেছে । ওই আইনে অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হলে সবোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে ।