বিএনপি নেতা হলেন স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল রোববার আওয়ামী লীগের প্রার্থীসহ পাঁচজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্থানীয় অনেক ভোটারের সঙ্গে আলাপ করে জানা গেছে, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু নিজের জয় নিশ্চিত করার কৌশল হিসেবে ধানের শীষ প্রতীক না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুতুবপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১৮৪ জন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানাবেষ্টিত কুতুবপুর ঘনবসতিপূর্ণ ইউনিয়ন। এখানকার বাসিন্দাদের বেশির ভাগই পেশাগত কারণে রাজধানীর সঙ্গে সম্পৃক্ত। এই ইউনিয়নে বিএনপির নেতা মনিরুল আলম পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থী এম এ আকবর অভিযোগ করেন, তিনি গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি রেখেছিলেন। কিন্তু আগের রাত ১১টায় চার-পাঁচজন সশস্ত্র যুবক তক্কার মাঠ এলাকায় তাঁর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জোরপূর্বক মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে গেছে। এ কারণে বিএনপির মনোনয়ন পাওয়া সত্ত্বেও তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ ঘটনার জন্য তিনি দায়ী করেছেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বর্তমান চেয়ারম্যান মনিরুল আলমকে।
এ ব্যাপারে মনিরুল আলম বলেন, কৌশলগত কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি পরপর দুবার কুতুবপুর ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী এম এ আকবর তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা মিথ্যা। আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো আঁতাত নেই।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, কুতুবপুর ইউপি নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।