বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ওপর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত বিএনপি নেতার নাম আলী আমজাদ। তিনি সেলবরশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দা ও হামলায় আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে যান। তাঁকে স্বাগত জানাতে ধরমপাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ দুপুর সোয়া ১২টার দিকে মোহনগঞ্জ পৌরসভার সামনের সড়কে আসেন। সেখানে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী তাঁর ওপর হামলা চালান। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আলী আমজাদ প্রথম আলোকে বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগ ও যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী ধরমপাশা বিএনপির সেক্রেটারিরে ধর ধর বলে আমাকে উপর্যুপরি কিলঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা কোনো পদক্ষেপ নেননি। হামলাকারীরা আমার আইফোন-৫, মানিব্যাগসহ বেশ কিছু টাকা নিয়ে গেছে।’
মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা সম্ভব হয়নি। এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।