বিএনপি নেতারা আদালত অবমাননা করছেন

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা সরকার নয়, জনগণই প্রতিরোধ করবে। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর কয়লাঘাটে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর প্রথম পিলারের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের। আজ রোববার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ কয়েকজন এ মামলার আসামি। ওই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে গেছে।
রায় নিয়ে গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় পূর্বনির্ধারিত। এই অবৈধ সরকার আগেই রায় লিখে রেখেছে। বিচার হবে প্রধানমন্ত্রী যা চাইবেন, তা-ই। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল। আবার গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে ফখরুল বলেন, এ মামলার রায় ঘোষণা আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্রের অংশ।
আজকের অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘রায় কি সরকার দেবে? রায় দেবেন আদালত। আদালতকে জিজ্ঞেস করুন। এ প্রশ্নের জবাব তো আমি দিতে পারব না।’
ওবায়দুল কাদের আরও বলেন, কী রায় হবে, তার আগেই বিএনপির মহাসচিব ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা আদালতকে হুমকি দিতে শুরু করেছেন। এটা তাঁরা পারেন না, আদালতকে হুমকি দিচ্ছেন। এর মানে তাঁরা অলরেডি কনটেমপট (অবমাননা) করে ফেলেছেন। আদালত অবমাননা করেছেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এ কে এম সেলিম ওসমান, শামীম ওসমান, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কর্মকর্তা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. তৌহিদ হোসেন, উপমহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসফিকুল আলম, জেলা প্রশাসক রাব্বী মিয়া ও পুলিশ সুপার মইনুল হক।
বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘এবারও তারা নির্বাচনে না গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি হবে। এটা যদি তারা ভেবে থাকেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। অনেকেই আসবেন এবারের নির্বাচনে। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হবে না। সেখানে অনেক দল অংশ নেবে।’