বিএনপি নেতারা কি চান খালেদা জিয়া বিদেশ চলে যান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ কী, তা জানার আগেই বিদেশে পাঠাতে চান বিএনপি নেতারা। তাহলে কি বিএনপি চায়, খালেদা জিয়া বিদেশ চলে যান?

আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘শীতাতপনিয়ন্ত্রিত সুবিধা কোনো ডিভিশনে দেওয়া হয় না। কিন্তু খালেদা জিয়া তা পাচ্ছেন। তাঁর সঙ্গে একজন সেবিকা চেয়েছেন, তাঁর ব্যক্তিগত সেবিকাকে দেওয়া হয়েছে। তিনি যদি আরও কাউকে চান, তা-ও দেওয়া হবে। তাঁর মতো সুবিধা এর আগে কেউই পায়নি।’

বিএনপি নেতাদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা আজ পর্যন্ত আর কেউ পাননি। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন, গত ১০ বছরে দেশে গণতন্ত্রের কবর হয়েছে। আমি বলতে চাই, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ও নির্বাচন বানচাল করে গণতন্ত্রের কবর দিতে ব্যর্থ হয়েছে বলেই তাদের এত জ্বালা।’

হাছান মাহমুদ আরও বলেন, দুদকের অনুসন্ধান করার খবরেই বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করলেন। আওয়ামী লীগের অনেক নেতার নামেও তো দুদকের মামলা চলছে। দুদকের মামলায় অনেক মন্ত্রীও আদালতে হাজিরা দেন। বিএনপির বিপক্ষে কাজ করলে দুদক হয়ে যায় পক্ষপাতদুষ্ট। তাহলে আওয়ামী লীগের বিপক্ষে কাজ করলে কোন দুষ্ট হয়? এ সময় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা সরকারের কাজের সমালোচনা করবেন, পাশাপাশি ভালো কাজের কথাও আপনাদের রিপোর্টে তুলে ধরবেন।’