বিএনপি পরাজয়ের হ্যাটট্রিক করবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে বিএনপি পরাজয়ের হ্যাটট্রিক করবে।

গতকাল বুধবার ‘ছয় দফা দিবস’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে বিএনপি বলেছিল আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। পরে বিএনপি ৩০ আসন পেয়েছিল। এবার ২০১৮ সালের নির্বাচনে কী হবে, জানি না। তবে এটুকু জানি, বিএনপি পরাজয়ের হ্যাটট্রিক করবে।’ তিনি বলেন, বিএনপি ২০০১ সালের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০১৮ সালের নির্বাচনের স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে। ২০১৮ সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশ সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। এর ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশের মানুষ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক মন্ত্রী দীপু মনি, দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।