বিএনপি প্রতারিত হয়েছে: খন্দকার মাহবুব

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত বিএনপি প্রতারিত হয়েছে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘নির্বাচন কমিশনের নিরপেক্ষতা: নির্বাচন সহায়ক সরকার’ শীর্ষক এক সেমিনারের মাহবুব এই মন্তব্য করেন। জিয়া পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, ‘আমরা প্রতারিত হয়েছি। অনেক ডাক ঢোল পিটিয়ে, সুপ্রিম কোর্টের একজন বিচারকসহ সমাজের গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে অনেক আলোচনা হলো। রাষ্ট্রপতি আলোচনা করেছেন, কিন্তু যা হলো, শুভংকরের ফাঁকি।’
বিএনপির এই নেতা দাবি করেন, নতুন যে পাঁচজনকে নির্বাচন কমিশনার করা হয়েছে তাঁদের অতীত দেখে মানুষ আতঙ্কিত। সরকারও ধিক্কৃত হয়েছে। এই কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচন কমিশনের ইচ্ছা থাকলেও সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য তিনি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকার গঠনের দাবি জানান।
খন্দকার মাহবুব বলেন, বিএনপির পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কর্মীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া, রাস্তায় নামা ছাড়া উপায় নেই।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি রাস্তায় না নামা পর্যন্ত কাজ হবে না। বিএনপির চেয়ারপারসনকে জনগণের সামনে যেতে হবে। জনগণের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে। না হলে কর্মীরা আগ্রহ হারিয়ে হতাশ হয়ে পড়বে।
অনুষ্ঠানে জিয়া পরিষদ বিএনপির উপস্থাপিত ১৩ দফা প্রস্তাব নিয়ে একটি পুস্তিকা সরবরাহ করে। পুস্তিকার শিরোনাম ‘গণতন্ত্রের স্বার্থে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন দেশনেত্রীর ১৩ দফা’। এই শিরোনামের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি বাকশালকে গালি দিচ্ছে আবার নিজেরাই বাকশাল কায়েম করছে। এখানে দেশনেত্রী না লিখে বিএনপির ১৩ দফা লেখা উচিত ছিল।
অনুষ্ঠানে নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ প্রমুখ বক্তব্য দেন।