বিএনপি প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় পৌর নির্বাচনে ভোট চলাকালে বিএনপির মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বসুরহাট সড়কে নির্বাচনী কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কাজী সাইফুর বলেন, সকাল নয়টার দিকে তিনি পৌরসভার উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি কিছু বহিরাগত যুবককে দেখতে পান। কেন্দ্রে ঢোকার ব্যাপারে কথা বলতে গেলে ওই যুবকেরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যুবকদের টানাহেঁচড়ায় তাঁর পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন।
কাজী সাইফুর আরও অভিযোগ করেন, পৌরসভার ১০টি কেন্দ্রের সবকটিতেই বহিরাগত লোকজন সরকারদলীয় প্রার্থীর পক্ষে জাল ভোট দিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওমর ফারুক খান বলেন, ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থী তাঁর কোনো কর্মী সমর্থক না দেখে হতাশ হয়ে এ ধরনের কথাবার্তা বলছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরিদা খানম প্রথম আলোকে বলেন, বিএনপির প্রার্থীকে লাঞ্ছিত করার কথা তিনি শুনেছেন।