বিএনপি ভারতবিরোধী নয়। তবে দলটি কংগ্রেস সরকারের বিরুদ্ধে ছিল। এ কথা দাবি করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
একই সঙ্গে খন্দকার মাহবুব ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের ২০-দলীয় জোট নিয়ে মাথা না ঘামানোরও পরামর্শ দিয়েছেন।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠনের আলোচনা সভায় খন্দকার মাহবুব এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, ‘সব সময় বলা হতো বিএনপি ভারতবিরোধী। কিন্তু আমরা ভারতবিরোধী নই। তৎকালীন কংগ্রেস সরকার ন্যক্কারজনকভাবে ৫ জানুয়ারি নির্বাচনে বর্তমান সরকারকে সাহস ও মদদ দিয়েছিল। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সেই কারণেই বাংলাদেশের জনগণ তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে ছিল।’
খন্দকার মাহবুব বলেন, ‘নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছেন, বিজেপি ক্ষমতায় আছে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আমরা আশা করব, বাংলাদেশে যেন গণতন্ত্র থাকে, গণতন্ত্র বাস্তবায়ন হয় সে ব্যাপারে ভূমিকা রাখবেন। এর ব্যত্যয় হলে স্বাভাবিকভাবে বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যাবে। কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে যাবে না। কারণ ভারতের জনগণ আমাদের বন্ধু।’
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার হওয়া সব ধরনের চুক্তি অবিলম্বে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সরকারের কাছে দাবিও জানান এই আইনজীবী।
খন্দকার মাহবুব বলেন, ‘আমরা ২০ দল করি। আমরা কীভাবে করব, না করব, কোন দল আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না, তা নিয়ে ক্ষমতাসীন দলের মাথা ব্যথার দরকার নাই। ২০-দলীয় জোট ভাঙবে না আরও সম্প্রসারিত হবে সেটিও তাদের নিজস্ব বিষয়। ২০ দল ইসলামি মূল্যবোধে ও জাতীয়তাবাদে বিশ্বাস করে।’
সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্তুজা, ন্যাপের সভাপতি জেবেল রহমান গনি, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।