
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপি ভারতের প্রতি বন্ধুসুলভ নয়, এ ধারণা তৈরিতে একটি সমন্বিত প্রচারণা চলছে। কিন্তু এ ধারণা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে যে বিষয়টি বিএনপির পররাষ্ট্রনীতির প্রধান সাফল্য তা হলো, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থের সম্পর্ক প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি।’
‘ভারতে একটা সাধারণ ধারণা প্রচলিত আছে, আওয়ামী লীগ ভারতের প্রতি বন্ধুবৎসল, কিন্তু বিএনপি তা নয়’ এ রকম এক ধারণার ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে খালেদা জিয়া এসব কথা বলেন।
ঢাকায় পত্রিকাটির সাংবাদিক জয়দীপ মজুমদারকে দেওয়া বিএনপির চেয়ারপারসনের এক সাক্ষাৎকার গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ নিয়ে ভারতের পূর্ববর্তী কংগ্রেস সরকারের গৃহীত নীতির সঙ্গে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের নীতিতে ভিন্নতা আসবে বলে মনে করেন কি না, এমন প্রশ্নে খালেদা জিয়া বলেন, ‘পরিষ্কার দৃশ্য ফুটে ওঠার আগে আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে আমাদের প্রত্যাশা, এনডিএ সরকার এমন সব নীতি গ্রহণ করবে, যা হবে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সাড়াদায়ক।’
খালেদা জিয়া বলেন, ‘আমরা এ-ও আশা করি, অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত এলাকায় নিরীহ বাংলাদেশিদের হত্যা, স্থলসীমান্ত সমস্যা, ক্রমবর্ধমান বাণিজ্য ভারসাম্যহীনতাসহ অন্যান্য অমীমাংসিত সমস্যায় পারস্পরিক স্বার্থরক্ষামূলক সমাধানের পথ খুঁজে বের করতে আন্তরিকভাবে কাজ করবে নয়াদিল্লি। এতে দুই দেশের জনগণের মধ্যেই আস্থা তৈরি হবে এবং আমাদের সম্পর্কে আনবে আরও গভীরতা।’
নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা-অনিচ্ছা প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে খালেদা বলেন, বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করতে তিনি ও তাঁর দলের জ্যেষ্ঠ নেতারা সব সময়ই আগ্রহী। তিনি বলেন, ‘আমাদের ওপর দেশের জনগণের আস্থা আছে এবং তাঁরা একাধিকবার আমাদের নির্বাচিত করেছেন। তাই এটা যৌক্তিক যে, বিভিন্ন পর্যায়ে বিজেপিসহ ভারতের অন্য বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার স্বার্থেই করা উচিত।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বিজেপির সঙ্গে বিএনপির সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কি না—জানতে চাইলে বিএনপি নেত্রী বলেন, ‘কেবল নির্বাচনী সমঝোতার ভিত্তিতেই জামায়াতের সঙ্গে আমাদের জোট। এটা কোনো অবস্থাতেই আদর্শিক জোট নয়।’
ভারতে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে নিজ প্রত্যাশার কথা জানতে চাওয়া হলে খালেদা জিয়া বলেন, ‘পরিবর্তনের আশায় নরেন্দ্র মোদিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে ভারতের জনগণ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে নতুন সরকার কী কী নীতি গ্রহণ করে, সেসব এখনো দেখার বাকি রয়েছে। ভারতের সঙ্গে আমাদের অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধানে মোদি যে আশ্বাস দিয়েছিলেন, আমরা তা পূরণ হওয়ার আশায় আছি।’
বাংলাদেশ থেকে ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলো নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন কি—এমন প্রশ্নে খালেদা জিয়া বলেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার সরকার নিরাপত্তাসংক্রান্ত বেশ কিছু চুক্তিতে পৌঁছেছে বলে খবরে জানা যায়। তবে বাংলাদেশের জনগণ এসব চুক্তির ধরন ও বিস্তারিত সম্পর্কে অবগত নন। এসবের কোনোটিই জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বিএনপি কোনো ধরনের সন্ত্রাসি, জঙ্গিবাদী বা উগ্রপন্থী কার্যকলাপ সহ্য করবে না বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।
তিস্তার পানি বণ্টন ও স্থলসীমান্ত চুক্তি সই হওয়ার পথে কি না, জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন বলেন, গুরুত্বপূর্ণ এ দুই ইস্যুতে কোনো চুক্তির ইঙ্গিত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয়ে ভারতকে রাজি করাতে এগুলোকে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা বলে বাংলাদেশের অনেকেই মনে করেন।