বিএনপি মহাসচিবের ওপর হামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা। যে এলাকায় হামলা হয়েছে সেই এলাকার সাংসদ এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ হামলাকে দুঃখজনক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, পথে তাঁদের গাড়ির ধাক্কায় দুজন আহত হওয়ার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এ হামলার ঘটনা ঘটায়।

প্রসঙ্গত, রাঙামাটির দুর্গত এলাকায় যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রোববার মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় কয়েকজন আহত হন, কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন বলেন, এ ধরনের হামলা গণতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, সরকারের মদদে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আরেক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামিক পার্টি।

এদিকে সাংসদ হাছান মাহমুদ গতকাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ হামলার প্রসঙ্গে বলেছেন, এ হামলা রহস্যজনক। মির্জা ফখরুলের গাড়িবহরে চট্টগ্রাম বিএনপির একটি অংশ ও রাঙ্গুনিয়ার সালাউদ্দিন কাদের চৌধুরী গ্রুপের কেউ ছিলেন না। আর তাঁরা প্রশাসনের কাছে যে পথে যাওয়ার অনুমতি নিয়েছিলেন সে পথ পরিবর্তন করে অন্য পথে যাচ্ছিলেন। চট্টগ্রামের যত জায়গায় তাঁদের কর্মিসভা হয়েছিল সব জায়গায় মারামারি হয়েছে। তিনি আরও বলেন, পথে তাঁদের গাড়ির ধাক্কায় দুজন আহত হলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুঃখজনকভাবে এ হামলার ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন আজ বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।