বিএনপি মানেই ষড়যন্ত্র: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মানেই ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানেই বিএনপি। এই দলটার জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্র, ক্ষমতা দখলের ষড়যন্ত্র, তারপর পাকিস্তানি হানাদার বাহিনীর যারা নায়ক ছিল, তাদের এই দেশে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র। এখন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র।

আজ বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দরে বেলাজিও নামের শুল্কমুক্ত একটি বেসরকারি বিপণিকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথাগুলো বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র একে একে ১৯ বার করা হয়েছে। এত চেষ্টা ফেল হওয়ার পর তাঁরা (বিএনপি) দেখল যে মুসলমানদের সঙ্গে একসঙ্গে থেকে ষড়যন্ত্র করা যাবে না। তাই তাঁরা এখন ইসলামের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের দিকে। আপনাদের মনে রাখতে হবে, ইসরায়েল আর মোসাদ কিন্তু এক নয়। ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু মোসাদ ধ্বংস হয় না। সেই মোসাদের সঙ্গে এখন ষড়যন্ত্র শুরু করেছে।
শেখ হাসিনা কেন বিএনপির শত্রু—এ প্রশ্ন তুলে আনিসুল হক বলেন, উনাদের শত্রু শেখ হাসিনা এই কারণে যে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে অনেক এগিয়ে আছে। এই এগিয়ে যাওয়াটা তাদের ভালো লাগে না। বাংলাদেশ কেন ব্যর্থ রাষ্ট্র হলো না, তা-ও তারা সহ্য করতে পারছে না। এ জন্যই এত ষড়যন্ত্র। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। শেখ হাসিনার হাতকে শক্ত করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন।’
আইনমন্ত্রী বলেন, ৩০ লাখ শহীদের রক্তে অর্জন বাংলাদেশ। সাত বীরশ্রেষ্ঠের একজন আখাউড়ায় শায়িত। এই বীরশ্রেষ্ঠের মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি বলেন, ‘ষড়যন্ত্র চলতেই থাকবে। এই ষড়যন্ত্রকে হারিয়ে আমাদের দেশ গড়তে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’
গ্যালাক্সি গ্রুপের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুরের সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক, রপ্তানি, বন্ড ও আইটি) এ এফ এম শাহরিয়ার মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, শুল্ক বিভাগের কুমিল্লা অঞ্চলের কমিশনার আনোয়ার হোসেন প্রমুখ।