বিএনপি মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: হাছান
বিএনপি সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি গতকাল বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপপরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে যাওয়া যায় না। এমনকি বাংলাদেশসহ অনেক মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। কারণ, দেশটি ফিলিস্তিনসহ মুসলিম দেশের বিরুদ্ধে সর্বদাই ষড়যন্ত্রে লিপ্ত। অথচ সেই দেশের গোয়েন্দা সংস্থার প্রধান লিউকিয়ান তাপাহির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বৈঠক করেছেন। এটা প্রমাণ করে, বিএনপি শুধু বাংলাদেশের বিরুদ্ধেই নয়, সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিলসহ প্রচার উপপরিষদের সদস্যরা।