বিএনপি রোডই দেখতে পাচ্ছে না

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো আলোচনা না করে ঘোষিত রোডম্যাপে একাদশ সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকটের সমাধান হবে না। তিনি বলেন, বিএনপি এখন পর্যন্ত নির্বাচনের ‘রোডই’ দেখতে পাচ্ছে না। ম্যাপ তো পরের প্রশ্ন।
আজ রোববার নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
বিএনপির মহাসচিব বলেন, এখন প্রধান সংকট হলো জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে? নির্বাচনের সময় সরকার কোন জায়গায় থাকবে, নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে? অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকার প্রয়োজন। এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই সহায়ক সরকার গঠনের ব্যাপারে আলোচনা।
নির্বাচন কমিশন প্রভাবমুক্ত থেকে নির্বাচন করতে পারবে বলে বিশ্বাস করে। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ আদৌ আছে কি না, আগে সেটা দেখতে হবে। বিএনপি একটা সভা করার অনুমতি পায় না। গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসন বিদেশ যাওয়ার সময় দলের জ্যেষ্ঠ নেতাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে।
নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি অংশ নেবে কি না, জানতে চাইলে ফখরুল বলেন, বিএনপি যতগুলো গণতান্ত্রিক পদ্ধতি আছে, সব অনুসরণ করতে চায়। এটা নির্ভর করবে নির্বাচন কমিশন ও সরকারের সদিচ্ছার ওপর, তারা বিএনপিকে যেতে দিতে চায় কি না।