বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তে বিশ্বাস করে না। কারও সঙ্গে হাত মেলায় না। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।

আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, অভিযোগপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় মিথ্যা ও চক্রান্তমূলক। রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, শুধু খালেদা জিয়া নন, বিএনপির সব পর্যায়ের নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সারা দেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ৭২ হাজার মামলায় ৫ লাখ ৭ হাজার আসামি করা হয়েছে। ৫০০ জনকে খুন ও ৩৫০ জনকে গুম করা হয়েছে। নেতা-কর্মীদের উদ্দেশে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য করতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, মামলা দিয়ে রাজনীতিবিদদের দমন করা যায় না। এতে তাঁদের জনপ্রিয়তা বাড়ে। সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে ৭০টি মামলা দিলেও আগামী দিনে তিনি প্রধানমন্ত্রীর হবেন। তিনি বলেন, বিএনপি ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে। সরকারের পতন সময়ের ব্যাপার। বর্তমানে যে অবস্থা আছে, তার পরিবর্তন হবে। ভোটের মাধ্যমে বিএনপি সেই পরিবর্তন আনবে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম, হাফিজ উদ্দিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন।