বিএনপি সংলাপের জন্য অনুনয় করছে: হাছান

বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করছে। তাই খালেদা জিয়া লন্ডনে বসে সরকারকে সংলাপের অনুনয় জানাচ্ছেন।
আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী মটর চালক লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে সহিংসতার রাজনীতি করতে গিয়ে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল। রাজপথ-সংসদ কোথাও তাদের স্থান নেই। অনেক নেতা-কর্মী বিএনপি ছেড়ে গেছেন। তিনি দাবি করেন এই কারণে এখন খালেদা জিয়া বলছেন, ‘আমরা একটু কথা বলতে চাই, আমাদের ডাকুন।’
হাছান মাহমুদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফোন করে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সংলাপে না এসে তিনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নির্বাচন বানচালের ডাক দিয়েছিলেন। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন। প্রকৃতপক্ষে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ পরিহার করে সহিংসতা ও ষড়যন্ত্রের রাজনীতি বেছে নিয়ে খালেদা জিয়া নিজেই নিজের পতন ঘটিয়েছেন।
সংগঠনের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক আব্দুল আউয়াল, মটর চালক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।