বিএনপি সত্যিকার অর্থে রাজাকারদের দল: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সত্যিকার অর্থে রাজাকারদের দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘বিএনপি যদি প্রমাণ করতে চায় যে তারা রাজাকারের দল নয়, তাহলে তারা দেখাক, জোট ভেঙে বেরিয়ে আসুক।’
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক এক সেমিনারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজাকারের সঙ্গে যারা রাজনীতি করে, তারা কি রাজাকারের দল নয়? রাজাকারদের স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানই এনেছেন।’
প্রধানমন্ত্রীপুত্র বলেন, ‘বিশ্বের একটি দেশ স্বাধীনতাযুদ্ধের সময় অস্ত্র দিয়ে, বোমা দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল। তারা কি পেরেছিল? পারেনি। কোনো দেশকে ভয় পাওয়ার কারণ নেই। আমরা বাঙালি। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। অন্য দেশ কী বলল, তাতে কিচ্ছু যায় আসে না।’
বিএনপির নেতা তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে সজীব ওয়াজেদ বলেন, ‘এরা কি পাগল হয়ে গিয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েবলস ছিল হিটলারের প্রচারমন্ত্রী। তার নীতি ছিল, একটা মিথ্যা কথা যদি বারবার বলতে থাকা হয়, তাহলে একসময় মানুষ ওটাই বিশ্বাস করবে। তাদের উদ্দেশ্যও এটাই।’ তিনি বলেন, মিথ্যাচারের মোকাবিলা করতে হবে, লাজুক হলে চলবে না, টেলিভিশনে গিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দিতে হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর যাবজ্জীবন রায়ের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, ‘স্বাধীনতার চেতনায় বিশ্বাসী অনেক বলেন, এটাতে নাকি ষড়যন্ত্র হয়েছে। অনেকে বলেন, সাঈদীকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে জামায়াতকে বাঁচাতে। যদি তা-ই হবে, তাহলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের ফোনের পরও কেন নির্বাচনের আগে আমরা মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি দেওয়ার সাহস দেখিয়েছি? সরকার কারও কথা শোনেনি।’
সরকার গত পাঁচ বছর দেশে যেসব উন্নয়ন করেছে, তা সংবাদপত্রগুলো দেখে না বলে মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, ‘সরকারের সফলতা তুলে ধরতে আপনাদের লজ্জা লাগে। সফলতার কথা লিখলেও একটু খোঁচা দিয়ে কথা বলেন। এগুলো তাদের বলতে গেলে তারা বলে, আমরা আওয়ামী লীগের ভালো চাই, আওয়ামী লীগকে আরও ভালো দেখতে চাই বলে এগুলো লেখি।’
সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাতের পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, চিত্রশিল্পী হাশেম খান, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তুরিন আফরোজ।