বিএনপি সন্ত্রাসীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে: হাছান

বিএনপি সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে প্রধান হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
সাবেক এই মন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নেতা–কর্মীরা ঢাকা শহরে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করবে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ঢাকা শহরে নাশকতা চালাবে। এ জন্য সারা দেশ থেকে বিএনপি–জামাত সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের ঢাকা শহরে ঢোকাচ্ছে । আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা–কর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং দুষ্কৃতকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহর আদালত থেকে ফেরার পথে যেভাবে ফিল্মি স্টাইলে পুলিশের ওপর আক্রমণ এবং অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে, প্রিজন ভ্যান থেকে তালা ভেঙে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটি হিন্দি সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন পুলিশের ওপর হামলাকারীদের তিনি চেনেন না। তারা নাকি বহিরাগত। তাঁর মিথ্যাচার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময় তিনি হাস্যরস করে বলেন, সম্ভবত বিএনপির মিছিলে জাতীয়তাবাদী জিন থাকে এবং সেই জিনেরা হামলা চালায়।’
আয়োজক সংগঠনের সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফজলুল হক, বলরাম পোদ্দার প্রমুখ।