বিএনপি সব নির্বাচনেই অংশ নেবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ। ফাইল ছবি
তোফায়েল আহমেদ। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদে যত নির্বাচন হবে, তাতে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রোববার সচিবালয়ে ভিয়েতনামের ভাইস মিনিস্টার হোয়াং কোক ভুয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে তা কোন বিশ্বাস থেকে বলছেন—এ প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, এ ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। কারণ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তাদের শিক্ষা হয়েছে।

সুযোগের সমতা (লেভেল প্লেয়িং ফিল্ড) না হলে বিএনপি আসবে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রীর দাবি, সবার জন্য সুযোগের সমতা রয়েছে।

বিএনপি আন্দোলনের নামে যে নাশকতা করছে, তা সাধারণ মানুষ সমর্থন করে না—এমনটা দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, এখন হরতালেও যানজটে পড়তে হয়।

সন্ত্রাসী ও নাশকতাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না—এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাই তারা (বিএনপি) সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিক। যেসব কর্মকাণ্ড করছে, সেগুলো প্রত্যাহার করে নিক।’