বিএনপি সমর্থকদের মনোনয়ন দিতেই দেওয়া হলো না

নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সুগার মিলের প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ জানিয়ে বঞ্চিত ব্যক্তিরা প্রতিকার পাননি বলে জানা গেছে।
নর্থবেঙ্গল সুগার মিলের নির্বাচন কার্যালয় ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমা দানের সময়। বিএনপি-সমর্থিত সিবিএর বর্তমান সভাপতি আবদুল হাই এবং সাতবারের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাতেনসহ ১৭টি পদের মনোনয়নপত্র ওঠান। মঙ্গলবার বিকেলে সকালেই মনোনয়নপত্র জমা দিতে প্রধান নির্বাচন কমিশনারের (মিলের ডিজিএম জাকির হোসেন) দপ্তরে যাওয়ার সময় ১৫ থেকে ২০ জন বহিরাগত যুবক সব প্রার্থীকে ভবনের গেট থেকে জোর করে ফিরিয়ে দেন। ফিরতে না চাইলে তাঁরা বিএনপি-সমর্থিত সিবিএর বর্তমান সভাপতি আবদুল হাইকে লাঞ্ছিত করেন এবং তাঁর মনোনয়নপত্র ছিনিয়ে নেন। পরে তাঁরা সেখান থেকে ফিরে আসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাতেন তাঁরসহ সব বিএনপি-সমর্থক প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা খুবই দুঃখজনক। বিএনপি-সমর্থিত অপর সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম বলেন, তাঁকেও মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগে থেকে নিরাপত্তাহীনতার বিষয়টি মিল কর্তৃপক্ষ ছাড়াও জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু তাতে কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নর্থবেঙ্গল সুগার মিলের সিবিএ সংগঠনটি অরাজনৈতিক। এবারই প্রথমবারের মতো উপজেলা আওয়ামী লীগ দলীয় প্যানেল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় ভিন্নমতাবলম্বীরা নির্বাচনে অংশ নিতে পারলেন না।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার (ডিজিএম) জাকির হোসেন বলেন, মৌখিকভাবে নিরাপত্তাহীনতার অভিযোগ পেলেও কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। সে কারণে অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আর মনোনয়নপত্র জমাদানকারী সবার মনোনয়ন বৈধ হওয়ায় এবং তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ বুধবার বিকেলে তাঁদের সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ২৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে নবনির্বাচিত সহসভাপতি গোলাম কাওসার বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী বাধা দেওয়ার কোনো ঘটনার সঙ্গে যুক্ত নন। আমরা এ বিষয়ে জানিও না।’
নবগঠিত কমিটিতে আওয়ামী লীগ থেকে বিজয়ীরা হলেন সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক স্বপন পাল, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন, প্রচার সম্পাদক আবদুর রশিদ, ধর্ম ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান, অর্থ সম্পাদক মঞ্জুর রহমান এবং সদস্য পদে হাকিমুর রশিদ, আমিনুল হক, আকরাম হোসেন, ইসলাম হোসেন, আমিরুল ইসলাম, মোজাম্মেল হক, সেন্টু মিয়া, শামশুদ্দীন ব্যাপারী ও গায়ত্রী সাউ।