ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদেই জয়ী হয়েছেন তাঁরা।
বাকি তিনটি পদ পেয়েছে আওয়ামী লীগ-সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’। গত শনিবার জেলা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন হয়।
নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মেজবাহ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন খান, সহসভাপতি আবদুর রউফ শাহাজাহান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন ওরফে মানিক, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দিন, নিরীক্ষা সম্পাদক পদে মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে এমদাদ হোসাইন, লাইব্রেরি সম্পাদক পদে মুহাম্মদ ওয়ালি উল্যাহ, কার্যকরী পরিষদের সদস্য পদে মো. মীর মোশাররফ হোসেন, বোরহান উদ্দিন চৌধুরী, মো. নুরুল আলম ও মো. মনির উদ্দিন।
আর সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে মনীন্দ্র কুমার দাস, কার্যকরী পরিষদের সদস্য মো. তাজুল ইসলাম ভূঞা ও মোহাম্মদ হানিফ মজুমদার।
নির্বাচনে মোট ২৬৫ জন ভোটারের মধ্যে ২৪০ জন ভোট দেন। নির্বাচন কমিশনের দায়ত্ব পালন করেন এ এস এম আনোয়ারুল করিম ও সাহাব উদ্দিন আহম্মদ।