বিএনপি সমাবেশে অনড়, আ. লীগের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও কাল সোমবার রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্তে এখনো অনড় আছে বিএনপি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সভা সমাবেশ করবে না তারা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে কাল ঢাকায় ১৬টি স্থানে সমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় উত্সব’ পালন উপলক্ষে এসব সমাবেশ করার কথা ছিল। 

অন্যদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে ওইদিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।

বিবিসি বাংলাকে খালেদা জিয়া: কর্মসূচী চলবে

খালেদা জিয়া বিবিসি বাংলাকে বলেছেন সরকারী বাধা স্বত্বেও সোমবারের কর্মসূচি তিনি প্রত্যাহার করছেন না। ঢাকায় নির্ধারিত সমাবেশের চেষ্টা করা হবে।খালেদা জিয়া বলেন, শনিবার রাত থেকে তাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজ রাতে তার গুলশান কার্যালয়ে বসে টেলিফোনে তিনি বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে বলেন, কোনো কর্মসূচির আগে কোনো দলের নেতাকে এভাবে অন্তরীণ করে রাখার নজির বাংলাদেশে নেই।

বিএনপি নেত্রী বলেন, তার কর্মীরা রাস্তায় রয়েছেন এবং সোমবারের কর্মসূচি চলবে। তিনি নিজে ঐ সমাবেশে যোগ দেবেন কি না, এ প্রশ্নে খালেদা জিয়া বলেন, তিনি চেষ্টা করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগেও ২৯শে ডিসেম্বর আমি কর্মীদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করেছিলাম, সরকার করতে দেয়নি। এবারও আরও বেশি পুলিশ দিয়ে আমাকে বাধা দেওয়া হচ্ছে।’ 

প্রধান দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি সামনে রেখে আজ রোববার বিকাল পাঁচটা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সবকিছু নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান আজ দুপুরে প্রথম আলোকে বলেন,

এখনো পর্যন্ত বিএনপি-জোটের ঘোষিত কর্মসূচি বলবত্ আছে। এ সমাবেশ হবে। বিএনপির চেয়ারপারসনকে ‘অবরুদ্ধ’ করে রাখার নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি হয়নি যে সভাসমাবেশ নিষিদ্ধ করতে হবে। বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা, বিএনপি কার্যালয়ে তালা দেওয়া প্রমাণ করে সরকার গণতন্ত্রের কোনো জায়গা রাখছে না, তারা ভয়াবহ সংকট তৈরি করছে।

অন্যদিকে বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কী করবে জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে আওয়ামী লীগ সমাবেশ করবে না। তাদের কর্মসূচি পরবর্তীতে পালিত হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক একথা বলেন।