বিএনপি সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, ভোট গ্রহণের আগেই বিএনপি নানা অজুহাত ও অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না।

সিরাজগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় প্রায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের সময় আজ মঙ্গলবার বিকেলে নাসিম এসব কথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নাসিম বলেন, নির্বাচন গণতন্ত্রেরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান একটি অর্থবহ নির্বাচন করতে। আওয়ামী লীগ জনগণের দল। নির্বাচনে আওয়ামী লীগ জনগণের কাছে যাবে, জনগণের রায় মেনে নেবে।

নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতা-কর্মীরা গ্রামগঞ্জের দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এই শীতে আওয়ামী লীগ ছাড়া শীতার্ত মানুষের পাশে অন্য কোনো দল নেই। অথচ নির্বাচন এলেই বিএনপিসহ অনেকেই জনগণের কাছে এসে হাজির হন। তাঁরা ভোট চান, ভোট শেষ হলেই আবার মাঠ ছেড়ে চলে যান। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল, সুখে–দুঃখে সব সময় জনগণের পাশে থাকে।

কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম কুমার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম প্রমুখ।