বিএনপি সুবিধা বুঝে বোল পাল্টায়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: প্রথম আলো
সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি গত সিটি করপোরেশন নির্বাচনের আগেই কারচুপির অভিযোগ তুলে বয়কটের হুমকি দিয়েছিল। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তাঁরা বোল পাল্টিয়ে ফেলে। বিএনপি এবারও নানা কথা বলছে।
আজ মঙ্গলবার দুপুরে ফেনীর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো প্রভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পৌর নির্বাচন পরিচালনা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছেন।

ফেসবুক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ফেসবুক বন্ধ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক মনে করলে খুলে দেওয়া হবে।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ঘটনা ঘটছে। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আমাদের নিরাপত্তাবাহিনী অনেক ভালো কাজ করছে।

এ সময় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সংরক্ষিত মহিলা সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে ফেনী সার্কিট হাউসে স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সভা সূত্র জানায়, সভায় দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাসহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

মন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ২৭ কিলোমিটার এলাকায় ১৭০টি তোরণ নির্মাণ করা হয়। আসাদুজ্জামান খান কামাল আজ ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ফেনীতে যান। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এ পথ অতিক্রম করার সময় সড়কের দুই পাশে হাজার হাজার নেতা-কর্মী গাড়িবহরে ফুলের পাপড়ি ছিটিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান।

আরও  পড়ুন...