বিএনপি হতাশ ও বিপর্যস্তদের দল: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে হতাশ ও বিপর্যস্তদের দল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর মতে, বিএনপির রাজনীতি এখন মিডিয়া-প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমিত। জনগণের সঙ্গে দলটির কোনো জনসংযোগ নেই।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ অন্যদের প্রতি আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সম্মেলন থেকে গণতন্ত্র উত্তরণে জনগণ কিছুই পায়নি—বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরা গণতন্ত্র বিশ্বাস করে, তারা এটা আগে প্রমাণ করুক। তাদের নিজেদের মধ্যেই তো গণতন্ত্র নেই। আওয়ামী লীগের ইতিহাসে এত সুশৃঙ্খল, বৃহৎ, বর্ণাঢ্য, স্বতঃস্ফূর্ত সমাবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে—যেটা বিএনপি কোনো দিন কল্পনাও করতে পারে না।

বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত ব্যক্তিদের কবরে শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, মুহাম্মদ ফারুক খান, আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।