বিএনপি হেরে নালিশের ভাঙা রেকর্ড বাজাচ্ছে : কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতির দাবা খেলায় বিএনপি হেরে গিয়ে এখন নালিশের ভাঙা রেকর্ড অবিরাম বাজিয়ে চলছে। কোনো নির্বাচন এলেই বিএনপি শুধু অভিযোগ আর নালিশের ওপর নির্ভর হয়ে পড়ে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বিএনপিই গৌণ ও অকার্যকর করে ফেলছে। 

আজ শুক্রবার নোয়াখালীর মাইজদীর অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের প্রথম অভিজ্ঞতা। প্রথম অবস্থায় কিছু ভুলত্রুটি ও টানাপোড়েন থাকবে। এত বড় নির্বাচন মোকাবিলার জন্য প্রশাসনিক, নির্বাচন কমিশন এবং দলীয়ভাবে কিছু সীমাবদ্ধতা থাকবে, থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে প্রথমবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাব।
দলীয় প্রতীকে প্রথম দফায় পৌরসভার নির্বাচনে তেমন কোনো অভিযোগ আসেনি এবং সমালোচনামুখর পরিস্থিতির সৃষ্টি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ইউনিয়ন পরিষদ বিশাল ক্যানভাস। ৪ হাজার ৫৫৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এর মধ্যে ২৩ এপ্রিলে ৬১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হয়, সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়, সেটা লক্ষ রাখা হবে।

মনোনয়ন–বাণিজ্যের অভিযোগ পেলেই ব্যবস্থা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে দলীয় নেতাদের বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মনোনয়ন–বাণিজ্যের কিছু অভিযোগ তিনি পেয়েছেন। তবে যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা কেউই সুনির্দিষ্ট করে অভিযুক্তের নাম বলতে পারেননি। তারপরও এ নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে। মনোনয়ন বোর্ডের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তাঁর নির্দেশে ইতিমধ্যে এসব অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বিষয়ে বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনে এবার একঝাঁক তরুণ নেতা আসবেন এবং প্রবীণেরাও থাকবেন। প্রবীণ-নবীনদের সমন্বয়ে আওয়ামী লীগের সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয় করে সময়ের চাহিদা মেটানো হবে। ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের উন্নয়নে আগামী দিনে কর্তৃপক্ষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং এ বিদ্যালয়ে সাবেক ছাত্র তাঁর পিতা মরহুম মোশারফ হোসেনের নানান স্মৃতির কথাও তুলে ধরেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার উপস্থাপক খালেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র দেব নাথ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান, সাবেক ছাত্র ইস্টার্ন ইউনিভার্সিটির সহ–উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতার উপমহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহে আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।