বিএনপি হয়তো জিততেও পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বর্জন করা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, হঠাৎ করে তাদের নির্বাচন বয়কট করা ঠিক হয়নি। না করলে ভোটের ব্যবধান আরও অনেক কম হতো। হয়তো তারা জিততেও পারত।
রংপুরে তিন দিনের সফরে গিয়ে গতকাল রোববার সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন এরশাদ। তিনি বলেন, ‘তারা (বিএনপি) হয়তো আশঙ্কা করেছিল, জিততে পারবে না। এ কারণে বয়কট করে। কিন্তু ভোট গণনার পর দেখা যায়, তারা তিন লাখের বেশি ভোট পেয়েছে। নির্বাচনে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা না ঘটলে আরও ভালো হতো।’
সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সমালোচনার ব্যাপারে প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না।’ দলের বেহাল দশা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে দলের সিদ্ধান্ত ছাড়া কিছু বলতে চাই না।’ সকালে এরশাদ ঢাকা থেকে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছানোর পর জাতীয় পার্টির নেতা-কর্মীরা ফুল দিয়ে স্বাগত জানান তাঁকে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আসিফ শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ নেতা-কর্মীরা।