‘বিএনপি এখনো বাংলাদেশে ১ নম্বর রাজনৈতিক দল’—এটি প্রমাণ করতে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-এর’ সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটাতে ঢাকার নেতাদের তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের যৌথ সভায় মির্জা ফখরুল ইসলাম এ তাগিদ দেন। তিনি বলেন, ‘সেই দিন যেন আমরা এমন একটা সমাবেশ করতে পারি, যা থেকে প্রমাণিত হবে বিএনপি এখনো বাংলাদেশে ১ নম্বর রাজনৈতিক দল। বিএনপির থেকে বড় কোনো রাজনৈতিক দল নেই, এটা আমাদের প্রমাণ করতে হবে।’
ফখরুল বলেন, ৭ নভেম্বর সমাবেশ করতে ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।