বিএনপি: দুই নেতা দুই কথা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর ফিরে আসা নিয়ে বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বললেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসাটা ‘নিছকই ছলনা’ ছিল বলে মন্তব্য করেছেন দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি।’ কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁরা এই কথা বলেন।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো গতকাল শনিবার দুপুরে মালয়েশিয়ায় মারা যান। আর খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গতকাল সাড়ে ৮টার দিকে তাঁর গুলশানের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গেট তালাবদ্ধ থাকায় ভেতরে ঢুকতে না পেরে সেখানে কয়েক মিনিট অপেক্ষা করে ফিরে আসেন প্রধানমন্ত্রী।
আজ রোববার বিকেল চারটার দিকে এক বিবৃতিতে রিজভী আহমেদ বলেন, ‘কোকোর মৃত্যুতে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে আসাটাকে আমরা ইতিবাচক অর্থেই গ্রহণ করেছিলাম। রাজনীতির বাইরে সামাজিক দায়িত্ববোধের তাগিদেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আসছেন বলে ধরে নিয়েছিলাম। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় এটা সুস্পষ্ট যে কোকোর মৃত্যুর সংবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহানুভূতি জানাতে আসাটা ছিল নিছকই ছলনা, একটি প্রহসনের মহড়ামাত্র। কোকোর জন্য প্রধানমন্ত্রীর সমবেদনা জানানোটা যেন কুমিরের কান্না।’
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিলেন। তখন ছিলেন প্রায় অজ্ঞানের মতো। আমরা কেউ তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি।’ মওদুদ আহমদ বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) দরজা বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর আসার কথাও তাঁকে বলা সম্ভবপর হয়নি। সিনিয়র সব নেতার মতামতের বাইরে মূল গেট আগে থেকে তালাবদ্ধ ছিল। তা আমাদের জানা ছিল না।’
প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর তাঁর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেছিলেন, এভাবে দরজা বন্ধ করে রাখা ভদ্রজনোচিত নয়। প্রধানমন্ত্রী একজন মা হিসেবে সমবেদনা জানাতে এসেছিলেন। এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।
অবশ্য প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার কয়েক মিনিট আগে খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, শোকাহত খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার কার্যালয়ে আসার ইচ্ছাপোষণ করলেও ‘অসুস্থতার’ বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সুস্থতা সাপেক্ষে তাঁর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে।
পরে রাত ১১টার দিকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিদের জানান, সমবেদনা জানাতে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। রাতে ‘ঘুম থেকে জেগে’ তিনি এ মনোভাব ব্যক্ত করেন বলে মারুফ কামাল খান জানিয়েছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসকে জানানো হয়েছিল, তাই এখানে প্রস্তুতি ছিল না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অাচমকা এসেছেন। প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি। যাই হোক প্রধানমন্ত্রী এসেছেন এটাই বড় কথা, তাঁকে ধন্যবাদ।’