বিএনপিই এখন রংপুর বিএনপির প্রধান সমস্যা
বিএনপিই এখন রংপুর জেলা বিএনপির প্রধান সমস্যা। দীর্ঘ ১০ বছর পর গত জুনে জেলা ও মহানগরে নতুন কমিটি হয়েছে। এরপর যেখানে দলের কার্যক্রমে গতিশীলতা আসার কথা, উল্টো সেখানে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। প্রকাশ্যেই দুটি পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেছে।
নতুন কমিটি বাতিলের দাবিতে অপর পক্ষ সংবাদ সম্মেলন, মানববন্ধন, প্রতীকী অনশন, এমনকি ঝাড়ু মিছিল পর্যন্ত করেছে শহরে। বাধা দিয়েছে গত রমজানের ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে। গত ২৪ জুলাই ইফতার মাহফিলকে ঘিরে বিএনপির দুই অংশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তাতে ২০ জন আহত হন। এই ঘটনায় মামলা হয়েছে শতাধিক কর্মীর নামে। গ্রেপ্তারও হয়েছেন তিনজন। এর আগের দিন তারাগঞ্জেও উপজেলা বিএনপির ইফতার অনুষ্ঠানে বিক্ষুব্ধ অংশের হামলায় আয়োজনটি পণ্ড হয়ে যায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গত ৬ জুন এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটির অনুমোদন দেন। ঢাকা থেকে অনুমোদনের কাগজ নিয়ে দুদিন পর নতুন নেতারা রংপুরে আসেন। কিন্তু এই কমিটি দলের একাংশ মানতে পারেনি। এই অংশের নেতৃত্বে আছেন শহীদুল ইসলাম ও রইচ আহমেদ। যদিও এই দুজন নতুন মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। তাঁদের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীদের একাংশ নতুন কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
শহীদুল ইসলাম ও রইচ আহমদ প্রথম আলোকে বলেন, ২০০১ সালে জেলা বিএনপির বর্ধিত সভা হয়েছিল। এরপর কোনো সম্মেলন হয়নি। আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চলছিল। মূল দল ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের আশা ছিল, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কমিটি করা হবে। তাতে বিগত দিনের আন্দোলনে কার কী ভূমিকা ছিল, তা বিবেচনায় নেওয়া হবে। কিন্তু এমন লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যাঁরা বিগত সময় আন্দোলনে সক্রিয় ছিলেন না, তাঁদের নামে কোনো মামলা নেই, এমনকি তাঁদের বাড়িও রংপুর শহরে নয়।
দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন কমিটির নেতারা দলের কার্যালয়ে আসেন না বা আসতে পারেন না। শহরের গ্র্যান্ড হোটেল রোডে অবস্থিত কার্যালয়টি অধিকাংশ সময় বন্ধই থাকে। পরপর তিন দিন বিভিন্ন সময় জেলা ও মহানগর নেতাদের সঙ্গে দেখা করতে গিয়ে দলীয় কার্যালয়টি বন্ধ পাওয়া গেছে।
কার্যালয়ের বাইরে বিক্ষুব্ধ পক্ষের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা হয়। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যাঁরা দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন, পুলিশি হামলা ও মামলার শিকার হয়েছেন, তাঁদের উপেক্ষা করে এবং স্থানীয় পর্যায়ে দলের কারও সঙ্গে আলোচনা না করে কেন্দ্র থেকে কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাশিত পদবঞ্চিতরা এই কমিটি মেনে নিতে পারছেন না।
জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী বলেন, জেলা কমিটির বিএনপির নতুন সভাপতির বাড়ি কাউনিয়ায়, তিনি জেলা কমিটির সদস্য পর্যন্ত ছিলেন না। সাধারণ সম্পাদকের বাড়ি পীরগঞ্জ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের বাড়ি পীরগাছা। মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি জলঢাকা উপজেলায়। দরকারি সময়ে তাঁদের পাওয়াও যায় না।
বিক্ষুব্ধ অংশের নেতাদের দাবি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ মহিলা দল, ওলামা দলের প্রায় সবাই তাঁদের সঙ্গে আছেন। তাঁরা এই কমিটি ঘোষণার পর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে দেখা করেছিলেন। তিনি সবাইকে ধৈর্যধারণ করতে বলেছেন। মহাসচিবের পরামর্শ অনুসারে তাঁরা আপাতত নতুন কমিটির বিরুদ্ধে আন্দোলন স্থগিত রেখেছেন।
অবশ্য মহানগর সভাপতি মোজাফফর হোসেন ও জেলা বিএনপির সম্পাদক সাইফুল ইসলাম দাবি করেন, ‘দলে কোনো কোন্দল নেই। নতুন কমিটি নিয়ে অনেকের মনে মান-অভিমান আছে। বিশেষ করে যাঁদের বয়স কম, এখন যে পদ পেয়েছেন, তাঁদের প্রত্যাশা এর চেয়ে বেশি ছিল। একটা বড় দলে এমন মান-অভিমানের বিষয় থাকতেই পারে। তাঁদের বুঝিয়েছি, ভবিষ্যতে তাঁরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন।’
নতুন কমিটির শীর্ষ দুই নেতা এ দাবি করলেও বাস্তবতা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের কারণে রংপুরে বিএনপি নিস্তেজ হয়ে পড়েছে। কেন্দ্রীয় কর্মসূচি থাকলে তা পালন করেন পৃথকভাবে। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারবিরোধী আন্দোলনের জন্য প্রস্তুতির চেয়ে একে-অন্যকে মোকাবিলার প্রস্তুতিতে বেশি সক্রিয় উভয় পক্ষ।