বিএনপিই খুনের রাজনীতি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা বাংলাদেশের ইতিহাস জানে তারা আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক আদর্শ সম্পর্কে জানে। গত কয়েক দশকের ইতিহাসে প্রমাণ হয়েছে বিএনপিই খুনের রাজনীতি করে।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দল আয়োজিত সংবাদ সম্মেলনে নাসিম এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার এক অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুনি ও বিএনপিকে খুনির দল বলে মন্তব্য করেছিলেন। এর জবাবে পরদিন রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলে পাল্টা মন্তব্য করেন। ফখরুলের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল ১৪ দল এ সংবাদ সম্মেলন করে।
মোহাম্মদ নাসিম বলেন, মির্জা ফখরুলের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। জনগণই এর জবাব দেবে। তিনি দাবি করেন, সাক্ষ্য-প্রমাণে এটা আজ স্পষ্ট ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও তখনকার মন্ত্রিসভার সদস্যরা জড়িত। এদের বিচার হবেই। কেউ রেহাই পাবে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।