বিএনপিই বিকারগ্রস্ত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতকারীদের পক্ষে।’


রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আজ বুধবার দুপুরে তথ্যমন্ত্রী এ কথা বলেন। বিএনপি মহাসচিবের বক্তব্য ‘জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং কল্পকাহিনি সাজিয়ে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করছে’—এর প্রতি সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ কথা বলেন।


হাছান মাহমুদ বলেন, ‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং এ জন্য নানা উল্টাপাল্টা কথা বলছে। আপনারা দেখেছেন করোনার টিকা নিয়ে তারা কীভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনো সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’


তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন, টিকা আসতে ছয় মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে।’ তিনি বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মহামারি মোকাবিলা করছে এবং একই সঙ্গে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সব সময় দুষ্কৃতকারীদের পক্ষ নেয়। তাদের নিজেদের দলে আগুন–সন্ত্রাসী ও সন্ত্রাসী, যারা মানুষ ও মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দিয়েছে, তারা থাকার কারণেই বিএনপি দুষ্কৃতকারী-সন্ত্রাসীদের পক্ষ নেয়।’


এদিন বক্তব্যের শুরুতেই হাছান মাহমুদ জাতির পিতার দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সঙ্গে শেখ জামালও গ্রেপ্তার হয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী তাঁদের অন্তরীণ করে রেখেছিল। সেখান থেকে দুঃসাহসিকতার সঙ্গে পালিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি।’