বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার পরামর্শ ওবায়দুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে দেশে সরকার পরিবর্তন দেখতে চাইলে বিএনপিকে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার রাজধানীর দোলাইরপাড় এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন গাড়ির চালকদের বিরুদ্ধে বিআরটিএর চলমান অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।

সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো সামর্থ্য বা ক্ষমতা বিএনপির নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই।

মন্ত্রী বলেন, অভিযান জোরদারে আরও দুটি ভ্রাম্যমাণ আদালত বাড়ানো হবে। এতে বিআরটিএর চলমান অভিযানে নতুন করে দুজন ম্যাজিস্ট্রেট সম্পৃক্ত হবেন। বর্তমানে তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। ১০ নভেম্বর থেকে সারা দেশে পরিচালিত বিআরটিএর এই অভিযানে এ পর্যন্ত ৭ হাজার ১৬৪টি মামলা এবং ৫২ লাখ ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাসস