বিএনপিকে আন্দোলনের সুযোগ দেওয়া হবে না: সুরঞ্জিত
বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়ানোর ইস্যু নিয়ে বিএনপিকে আন্দোলনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হলে বিএনপি লাগাতার কর্মসূচি দেবে—এমন বক্তব্যের বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, জনস্বার্থ রক্ষা করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের স্বার্থে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। বিএনপির আন্দোলনের ভয়ে বাড়ানো বা কমানো হবে না। এটা নিয়ে বিএনপিকে আন্দোলনের সুযোগ দেওয়া হবে না।
জানুয়ারিতে আন্দোলন শুরু হবে—বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জানুয়ারি যাবে, জানুয়ারি আসবে, আন্দোলনের প্রস্তুতিও থাকবে। আন্দোলনের জন্য ভালো করে প্রস্তুতি নেন। আন্দোলন করার অধিকার আপনার আছে। তবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করেন।’ তিনি বলেন, ‘জনগণের অসন্তুষ্টি থাকলে তারা আন্দোলনে নামবে। তবে আপনাকে ক্ষমতায় আনার জন্য আন্দোলনে নামবে না।’
নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সাজ্জাদ হোসেন। বক্তব্য দেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।