বিএনপিকে আর কত বলতে দিলে মনে হবে গণতন্ত্র আছে: প্রশ্ন হানিফের
বিএনপি যদি মনে করে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ও পেট্রলবোমা মারলেই গণতন্ত্র আছে, তাহলে দলটি আর সেই সুযোগ পাবে না। এমন গণতন্ত্র তাদের দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বিএনপি নেতারা গণতন্ত্রের চর্চা করছেন, এমন দাবি করে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি প্রতিদিন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের দলের নেতারা প্রতিদিন টেলিভিশনে টক শোতে মিথ্যা কথা বলে যাচ্ছেন। প্রতিনিয়ত মিথ্যা বলে বলে তাঁরা জনগণকে বিভ্রান্ত করছেন। এরপরও বলছেন তাঁদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। দেশে কোনো গণতন্ত্র নেই। তাঁরা আর কোন গণতন্ত্র চান? আর কত কথা বলতে দিলে তাঁদের মনে হবে যে গণতন্ত্র আছে?
আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠকের শুরুতে এসব কথা বলেন হানিফ।
বিএনপি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়েছিল। সে সময় ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণও নিষিদ্ধ করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি অপরাজনীতির ইস্যু খোঁজে। এ জন্য আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। বিএনপি যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনো অপকর্ম করার চেষ্টা করে তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। বিএনপির মিথ্যাচার-অপপ্রচার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। যেকোনো মূল্যে তাদের অপরাজনীতি নিশ্চিহ্ন করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী, চাঁদপুর-৪ আসনের সাংসদ শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সাংসদ নুরুল আমিন প্রমুখ।