বিএনপিকে আরও মামলার হুমকি খাদ্যমন্ত্রীর
বিএনপির নেতাদের বিরুদ্ধে যেসব মামলা চলছে, তা মোকাবিলা করতে প্রভাবশালী আইনজীবী নিয়োগের পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি দলটির নেতাদের বলেন, ‘নতুন করে যাতে মামলা না হয়, সেভাবে চলেন। আন্দোলনে নেমে আবারও অরাজকতা শুরু করলে আরও মামলা হতে পারে।’
রাজধানীর শিল্পকলা একাডেমীতে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এসব কথা বলেন কামরুল।
বিএনপি আন্দোলনের হুমকি দিতে দিতে কাগুজে বাঘে পরিণত হয়েছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘তারা (বিএনপি) আন্দোলনে নামলে আমাদের সুবিধা। আমরা অনেক দিন যাবৎ রাজপথে নামি না। স্বাস্থ্যের জন্য হলেও রাজপথে নেমে তাদের মোকাবিলা করা উচিত।’
ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নার সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ‘ড. কামাল ও মান্নারা এক হয়েছে। এদের কোনো রাজনৈতিক শক্তি নেই। এরা কাগুজে রাজনৈতিক দল। এদের শক্তি মিডিয়া। এরা বিএনপি-জামায়াতের সুরে কথা বলে।’
ড. কামালকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, ‘ড. কামাল দলের গণতন্ত্রের কথা বলেন। অথচ তাঁর দলেই (গণফোরাম) গণতন্ত্র নেই। দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না। একেক সময় একেকজনকে সাধারণ সম্পাদক করেন। তা-ও আবার ভারপ্রাপ্ত।’ কিছু ওয়ানম্যান পার্টি (একক ব্যক্তিনির্ভর দল) দিয়ে রাজনীতির নতুন মেরুকরণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন কামরুল।
কামরুল ইসলাম বলেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন হবে। সেই সময়ের নির্বাচনে সরকারে শুধু সংসদের দলগুলো থাকবে। বিএনপির কোনো স্থান হবে না, আর তত্ত্বাবধায়ক সরকারের তো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অভিনেতা ইনামুল হক, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকারসহ আরও অনেকে বক্তব্য দেন।