বিএনপিকে ইহুদি বানানোর ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি একটি মুসলিম জাতীয়তাবাদী দল হলেও তাঁদের ইহুদি বানানোর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপিপন্থী আইনজীবী নেতারা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গতকাল বুধবার আইনজীবী নেতারা এ দাবি করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন সমাবেশে বলেন, ‘আমরা একটি মুসলিম জাতীয়তাবাদী দল। অথচ আমাদের ইহুদি বানানোর ষড়যন্ত্র চলছে।’
সমাবেশে আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তাঁর টাকা দিয়ে গড়া ট্রাস্ট নিয়ে মামলা করা হয়েছে। সরকার পুলিশ ও দুদককে ব্যবহার করে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অথচ একইভাবে বঙ্গবন্ধু ট্রাস্ট মামলায় আওয়ামী লীগের নেতা শেখ সেলিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তাঁর মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার মুক্তি দাবি করে মাহবুব উদ্দিন বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের পর সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া না হলে আইনজীবী-জনগণ আন্দোলনের মাধ্যমে তাঁকেসহ সবাইকে মুক্ত করবে।
বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক ও আইনজীবী তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রায় অর্ধশতাধিক বিএনপিপন্থী আইনজীবী অংশ নেন। পরে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, রফিকুল ইসলাম মিয়ার মুক্তি ও নারায়ণগঞ্জের স্কুলশিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ২৪ মে সারা দেশের আইনজীবী সমিতিগুলোতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।