বিএনপিকে ক্ষমাপ্রার্থনার দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ একাধিক সংগঠন। খালেদা জিয়ার বক্তব্যের জন্য দেশ ও জাতির কাছে বিএনপিকে ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি।
গত সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
গতকাল মঙ্গলবার পাঠানো একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিবৃতিতে সভাপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষর করেন।
ঘাতক দালাল নির্মূল কমিটির বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সরকারি ও স্বীকৃত পরিসংখ্যান অস্বীকার করে আবারও প্রমাণ করেছেন, ’৭১-এ তিনি যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুগত ছিলেন, এখনো সেই অবস্থানে অটল রয়েছেন। মুক্তিযুদ্ধের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সরকার বহুবার বলেছে, ’৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা বাংলাদেশে ৩০ লাখ নিরীহ, নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা ৩০ লাখ বলেছে। তবে গণহত্যাকারী পাকিস্তান ও তাদের গণহত্যার সহযোগীরা সব সময় এই পরিসংখ্যান অস্বীকার করেছে।
বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকার ক্ষমতায় এসে যখন যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, তখন থেকে বহুবার ইউরোপের ‘হলোকস্ট অস্বীকৃতি আইন’-এর মতো আইন প্রণয়নের দাবি করছি। ইতিহাস বিকৃতি প্রতিহতকরণের উদ্দেশ্যে গণহত্যার ভিকটিম ইউরোপের ১৪টি দেশ এ আইন প্রণয়ন করেছে, যে আইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার পরিসংখ্যান অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন আইন না হলে ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার লেশমাত্র থাকবে না।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী ও এ দেশীয় যুদ্ধাপরাধীদের অপকর্ম হালকা করে দেখানোর হীন রাষ্ট্রবিরোধী উদ্দেশ্যেই খালেদা জিয়া এ বক্তব্য দিয়েছেন।