বিএনপিকে জঙ্গি সংগঠন বানানোর ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে সরকার। এখন তারা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে ইতালীয় নাগরিক হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে জড়ানোর চেষ্টা করছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ইতালীয় নাগরিক তাবেলা সিজার খুন হওয়ার পর থেকে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের বক্তব্য ও ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংগতিপূর্ণ বক্তব্য প্রমাণ করে শুধু রাজনৈতিক কারণে বিএনপির নিরপরাধ নেতাকে ফাঁসানোর চেষ্টা করছে সরকার।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রিজভী আশঙ্কা প্রকাশ করেন, শেষ পর্যন্ত কাইয়ুমকে এই মামলায় ফাঁসানো হতে পারে।