বিএনপিকে জাতীয় পার্টির সঙ্গে যোগ দিতে এরশাদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ জামায়াতকে ছেড়ে জাতীয় পার্টির সঙ্গে যোগ দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে জেলা জাতীয় পার্টির সম্মেলন ও জনসভায় এরশাদ এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘তিনি আন্দোলনের ঘোষণা দেন, বড় বড় কথা বলেন, কোমরে জোর নেই বলে রাজপথে থাকেন না। দুবার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কোনো উন্নয়ন করেননি।’
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজি আলা উদ্দিন, কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। সভার শুরুতে এরশাদকে একটি সোনার চাবি উপহার দেন ফেনীর মেয়র। সম্মেলন শেষে আবারও মোশারফকে জেলার সভাপতি ও কে বি এম জাহাঙ্গীরকে সম্পাদক ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সংক্ষিপ্ত পথসভায় জাপার চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি একটাই। আর এর চেয়ারম্যান শুধু আমি। জাতীয় পার্টি নামে আর কোনো পার্টি নেই।’
এরশাদ বলেন, ‘কুমিল্লায় জাতীয় পার্টিতে অনেক নেতা-কর্মী ছিলেন, তাঁরা এখন আর নেই। তাঁদের কারণে দলকে বিকশিত করা যায়নি। এখন আমি দলকে সংগঠিত করব। আমার নেতৃত্বেই জাতীয় পার্টি ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে।’