বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান কাদেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

বিদেশিরা ক্ষমতায় বসাবে, এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান।
বিএনপিকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি রোগ সারাতে আবারও বিদেশি চিকিৎসকের কাছে ধরনা দিতে শুরু করেছে কিন্তু এতে কোনো লাভ হবে না। নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপির মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের আরও বলেন, মসনদের মোহ বিএনপিকে স্বাভাবিক রাজনীতি ও জনগণ থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু জনগণ মোহগ্রস্ত নয়, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের রাজনীতিতে আস্থাশীল।

‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী, স্বাধীনতাবিরোধী এবং রাষ্ট্রবিরোধী’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাঁর এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে যাঁরা রাজনীতি করেন এবং সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করেন; তাঁদের মুখে এসব কথা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি ইতিমধ্যে গণবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে।

বিএনপির দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আগে নিজের ঘরে গণতন্ত্র ফিরিয়ে আনা আবশ্যক। নিজেদের দলে অগণতন্ত্র ও স্বেচ্ছাচারিতা চর্চা করে বিএনপি কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারও জানতে চায়। তিনি বলেন, বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্রবিরোধী অপশক্তি এবং গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক।

বিএনপি নির্বাচনভীতি রোগে আক্রান্ত, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচার এ রোগের লক্ষণ।

বিএনপির সময়ের অন্ধকার লোডশেডিংয়ের যুগ পেরিয়ে উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ, এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সব সময় জনগণের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরাগলির সন্ধান করছে।